ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরহাদ হোসেন পাপ্পু
কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য এবং পৌরসভার ২নং ওয়ার্ড এলাকার মতির ছেলে।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বুধবার, ২৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেতা পাপ্পুকে গাড়িতে করে আদালতে আনে পুলিশ। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন পাপ্পু।
এসময় ছাত্রলীগের আরও ১০ নেতাকর্মী তার সঙ্গে স্লোগান দিতে থাকেন। স্লোগান দিতে দিতে তারা আদালত ভবনে প্রবেশ করেন। সেখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে তারা পালিয়ে যান। পরে আদালত তাকে কারাগারে পাঠান।
এ বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জিয়া জানান, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পুর বিরুদ্ধে নাশকতাসহ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


