ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাত গ্রামের জনসাধারণের প্রাণের দাবি, ঈদগাহে যাতায়াতের রাস্তাটি প্রায় ২০ বছর পর অবমুক্ত করলেন এলাকাবাসী।
জানাগেছে, উপজেলার নাচোল ইউপির আজিপুর মৌজার হাল দাগ ৩২ ও মাক্তাপুর মৌজার ১১৯৯ দাগের মধ্যবর্তি মাঠে প্রায় ৪০ বছর পূর্বে স্থানীয় আজিপুর,মাক্তাপুর, হুলাশপুর, ভোগরইল, রহনপুরা, ঝলঝলিয়া, বেড়াচকি ও শিয়ালা গ্রামের মুসলিম জনসাধারণ ঈদগাহ প্রতিষ্ঠিত করেন। ওই সময় থেকে উল্লেখিত দাগের উপর দিয়ে জনসাধারণ ঈদগাহে যাতায়াত করতেন। কিন্তু ২০০১ সালে (বিগত আওয়ামীলীগ সরকারের সময়) মাক্তাপুর মৌজার ১১৯৯ দাগের রাস্তাটি আজিপুর গ্রামের মৃত সেরাজুদ্দীনের ছেলে জয়নাল আবেদিন ও তার স্ত্রী এলেনুরের নামে মিথ্যা তথ্য দিয়ে বন্দোবস্ত করেন।
অপরদিকে আজিপুর মৌজার ৩২ দাগের অপর রাস্তাটি একই নিয়মে নাচোল পৌর এলাকার ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আকরাম আলী ও তার স্ত্রী পারুল বেগমের নামে বন্দোবস্ত নিয়ে ঈদগাহের রাস্তাটি আবাদি জমি হিসেবে বন্ধ করে দেয়। অন্যদিকে ওই দাগে আজিপুর-হুলাশপুরগামী রাস্তার পাশে বন্দোবস্তকারী মৃত জয়নাল আবেদীনের ছেলে ইসরাইলের নিকট মৌখিকভাবে বিক্রি করে দেয়। ওই জমিতে ইসরাইল পাকা বাড়ি নির্মান করে রাস্তাটি বন্ধ করে দেয়। ফলে বিগত ২০ বছর যাবত ৮/১০ গ্রামের ধর্মপ্রাণ মুসুল্লিগণ ওই ঈদগাহে নামাজ আদায় করতে ও গ্রামবাসী মাঠের ফসল উঠাতে পারছিলেননা।
এ বিষয়ে ৯নং ওয়ার্ড সদস্য গোলাম মোরশেদ, আজিপুর গ্রামের জিল্লুর রহমান, আতাউর রহমান, আলাউদ্দিন মাষ্টার, মতিউর রহমান ফুয়াদ ও আব্দুল হালিম জানান, এলাকাবাসী বন্দোবস্ত বাতিলের জন্য জেলাপ্রশাসক বরাবর আবেদনের প্রক্ষিতে উপজেলা ভূমি অফিস বিষয়টি অগ্রগামী করেছেন।
৮/১০গ্রামের মুসলমানের ঈদগাহে যাতায়াতের সরকারী খাস রাস্তাটির বন্দোবস্ত জনস্বার্থে বাতিল করে অবমুক্ত করার জোর দাবী করেন। এরই প্রেক্ষিতে এলাকাবাসী দুই বন্দোবস্তকারীকে জনসাধারণের ঈদগাহে যাতায়াতের রাস্তাটি অবমুক্ত করার অনুরোধ করে ব্যর্থ হয়ে আজ রবিবার সকালে শতাধীক গ্রামবাসী ওই রাস্তাটি অবমুক্ত করলেন।



