ধূমকেতু প্রতিবেদক : দেশে পরিবেশবান্ধব যানবাহন ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে রাজশাহীতে বিভাগীয় অফিস চালু করল চায়না পিএন গ্রেট ব্যাটারি কোম্পানি। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নগরীর রেলওয়ে মার্কেটের বি ব্লকের ১২ নম্বর দোকানে ফিতা কেটে ও দোয়া মাহফিল করে কোম্পানিটির রাজশাহী বিভাগীয় অফিসের উদ্বোধন করা হয়।
প্রথমে চট্টগ্রামে চায়না পিএন গ্রেট ব্যাটারি কোম্পানির প্রথম অফিসের উদ্বোধন করা হয়েছিল। রাজশাহীর এই অফিসটি কোম্পানির দ্বিতীয় বিভাগীয় অফিস, যা উত্তরাঞ্চলের ব্যাটারি বাজারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নতুন এই অফিসে উন্নত মানের ইজি বাইকের ব্যাটারি, আইপিএস ব্যাটারি, রিকশার পাওয়ার ব্যাটারি এবং আধুনিক প্রযুক্তির ইজি বাইকের লিথিয়াম ব্যাটারি সরবরাহ করা হবে। এসব ব্যাটারি দীর্ঘস্থায়ী, শক্তি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব হওয়ায় গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আজিবার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চায়না পিএন গ্রেট ব্যাটারি কোম্পানির রাজশাহী বিভাগীয় অফিসের সহকারী পরিচালক আজিজুল রহমান জনি। তিনি বলেন,“চায়না পিএন গ্রেট ব্যাটারি মানসম্মত ও টেকসই পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। রাজশাহীসহ উত্তরাঞ্চলের গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতেই এই বিভাগীয় অফিসের যাত্রা। আমরা গ্রাহকদের সাশ্রয়ী দামে উন্নত প্রযুক্তির ব্যাটারি দিতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক লালন উদ্দিন, প্রধান উপদেষ্টা শাহানিম সাইফ রোহান, চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এয়াকুব আলী এবং পরিচালক মিনহাজ উদ্দিন। তাঁরা বলেন, ইজি বাইক ও আইপিএস ব্যবহারের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য ব্যাটারির গুরুত্ব বেড়েছে। চায়না পিএন গ্রেট ব্যাটারি আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের বাজারে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় অফিসের স্টাফ কামাল হোসেন, মানিক হোসেন ও আলমগীর হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা।


