ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : দীর্ঘ দুই সপ্তাহ ধরে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজারে একটি বিশেষ ব্যবসায়ী প্রতিষ্ঠান অতি মুনাফার লোভে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে ১৩০৬ টাকা মূল্যের ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে ১৬৫০ থেকে ১৭২০ টাকা পর্যন্ত । এতে অস্বস্থিতে পড়েছে সাধারন গ্রহকরা। বেশি বিপাকে পড়েছেন এলাকার নিম্ন ও মধ্যবিত্ত সাধারণ মানুষ ও হোটেল ব্যবসায়ী সহ গ্যাস নির্ভর খাবার হোটেলের মালিকরা।
তারাগঞ্জ বাজারের খুচরা বিক্রেতা লাভলু মন্ডল বলেন, গ্যাস এখন আগের মত সরবরাহ নেই, তাই দাম একটু বেশি।
ক্রেতা রিয়াজুল করিম বলেন, গত কয়েক দিন যাবত শুনতেছি গ্যাসের সংকট চলছে। গ্যাসের দাম অনেক বেশি। গত সপ্তাহে আমি তারাগঞ্জ বাজারস্থ অনুপ ট্রেডাস থেকে একটি বসুন্ধরা গ্যাস কিনেছি ১৭’শ টাকা দরে।
ক্রেতা রফিকুল ইসলাম জানান আজ সকালে বাসায় রান্না করার সময় গ্যাস শেষ হয়ে যায়, এরপর আমি তারাগঞ্জ বাজারের থানা মোড়ের অনুপ ট্রেডার্স যাই এবং একটি যমুনা গ্যাস সিলিন্ডার চাইলে দোকানদার বলেন গ্যাস নেই, এরপর আমি গ্যাস না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন অন্য জায়গায় দু-একটা আছে, এনে দিতে পারব কিন্তু দাম বেশি লাগবে। এরপর আমি তাকে ১২কেজি যমুনা এলপিজি গ্যাসের দাম জিজ্ঞেস করলে সে আমাকে ১৭৫০টাকা বলে, আমি বাধ্য হয়ে তার কাছ থেকে ১৭২০ দিয়ে একটি সিলিন্ডার কিনি, গ্যাস সিলিন্ডার কেনার রশিদ চাইলে তিনি রাগ দেখিয়ে বলেন রশিদ দেব না গ্যাস নিলে নেন না নিলে চলে যান।
এলপিজি গ্যাসের এই অস্বাভাবিক মূল্য নিয়ে এলাকায় জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
এ বিষয়ে রংপুরস্থ ভোক্তা অধিকার কর্মকর্তার কাছে ফোন দিলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন বলেন, কেউ গ্যাস মজুদ করে সংকট তৈরী করলে ও অতিরিক্ত মূল্য রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


