ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সয়দাবাদে বায়ুদূষণ রোধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে চামড়া পোড়ানোর একটি অবৈধ কারখানার সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ (আমতলা) এলাকায় এ মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে ১৭ ধারা অনুযায়ী কারখানার মালিককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ধার্যকৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে অবৈধ কারখানাটির সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিবেশ দূষণ হয়, এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কারখানার মালিককে কঠোর নির্দেশনা দেওয়া হয়।মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে সিরাজগঞ্জের এসআরবি-১২-এর একদল দক্ষ সদস্য দায়িত্ব পালন করেন।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ও পরিবেশ দূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সংশ্লিষ্টরা মনে করছেন, লোকালয়ে অবৈধভাবে চামড়া পোড়ানোর মতো পরিবেশ দূষণকারী কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


