ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে গেছে কেন্দ্রগুলোতে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে উপজেলা সভাকক্ষ থেকে উপজেলার ৯৫ টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে নির্বাচনি সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়। বিকেলের মধ্যে সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে।
এদিকে, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার গোমস্তাপুর উপজেলায় নির্বাচনে ৯৫ টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তারাও গেছেন কেন্দ্রগুলোতে।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনি সামগ্রী কেন্দ্রে নিয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট হবে।


