ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জনভোগান্তি, অনিয়ম এবং দালালের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। উন্নত বিশ্বের আদলে দেশের ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে সারাদেশে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হবে। গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেনমন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্যই হলো স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেবাপ্রার্থীদের দপ্তরে দপ্তরে ঘোরার বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়া। ওয়ান স্টপ সার্ভিস চালু হলে সেবাগ্রহীতাদের বিভিন্ন টেবিল বা অফিসে দৌড়াতে হবে না। এক জায়গা থেকেই আবেদন জমা এবং সেবা গ্রহণ করা যাবে।
ভূমিসেবা নিয়ে মানুষের মনে যে দীর্ঘদিনের সন্দেহ ও অবিশ্বাস রয়েছে, তা দূর করতে ডিজিটালাইজেশন ও কঠোর মনিটরিং নিশ্চিত করা হবে। বর্তমান আইন ও বিধিবিধানের যেসব জায়গায় জটিলতা রয়েছে, তা নিরসন করে যুগোপযোগী করার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভূমি মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয়। যেখানেই অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের পাশেই এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারগুলো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ খুব সহজে আইনি সহায়তা ও খতিয়ান-পর্চার কাজ সম্পন্ন করতে পারেন।
মন্ত্রী আরো বলেন, ভরাট হয়ে যাওয়া পুকুরগুলো পুনঃ খনন করার উদ্যোগ নেওয়ায়া হবে। পুকুর ভরাট কররা কোনো সুযোগ নেই। ভূমিদস্যু যেই হোক না কেনো ভূমিদস্যুদের কোনো ছাড় দেয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে মন্ত্রী তার পুরাতন রিক্সাযোগে জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দেন।


