ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে কয়েকটি ফার্মেসিকে জরিমানা করার প্রতিবাদে উপজেলা সদর ও ঝলমলিয়া বাজারের ঔষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার পর থেকে ফার্মেসি বন্ধ থাকায় প্রয়োজনীয় ঔষুধ কিনতে এসে বিপাকে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলা সদরের পাঁচটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকের জন্য দেওয়া স্যাম্পল ঔষুধ বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপজেলা ফার্মেসি মালিক সমিতির সিদ্ধান্তে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন। জরিমানার শিকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতু, আলহামদুলিল্লাহ, লাইফ কেয়ার ও আরএস ফার্মেসির নাম জানা গেছে।
ফার্মেসি বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ফেরদৌসী নামের এক নারী রোগীর ইনজেকশনের প্রয়োজন হলেও আশপাশের ওষুধের দোকান বন্ধ থাকায় তা সংগ্রহ করতে পারেননি।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এখন আমি কোথায় যাব, কোথায় গেলে ঔষুধ পাবো কিছুই বুঝতে পারছি না। সব দোকানপাট বন্ধ।’ তাঁর মতো আরও কয়েকজন রোগী প্রয়োজনীয় ঔষুধ না পেয়ে দুর্ভোগের কথা জানান।
দোকান বন্ধ রাখার বিষয়ে পুঠিয়া সদরের আল-আমিন ফার্মেসির স্বত্বাধিকারী রবিউল ইসলাম বলেন, ‘আমরা আর কত টাকা লাভ করি? দুদিন পরপর এসে আমাদের জরিমানা করা হয়। অনেক রোগী ঔষুধ কিনতে আসছেন। তাঁদের ঔষুধ দিতে না পেরে আমাদেরও খারাপ লাগছে। কিন্তু এখন সমিতির সিদ্ধান্ত, আমরা তো আর তা অমান্য করতে পারি না।
পুঠিয়া ফার্মেসি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাজু বলেন, ‘আমি শুনেছি কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে। একটি দোকানদার সারাদিনে পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারেন না, অথচ তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ কারণে ব্যবসায়ীরা দোকান খুলবেন না এবং জরিমানাও দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাই সব ফার্মেসি বন্ধ রয়েছে।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান বলেন, ঔষুধ ফার্মেসি সমিতির সবাই এসেছে জরুরি ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


