ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরীর ২ নং ওয়ার্ডে এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা।
আজ ১৭ মার্চ মঙ্গলবার ২ নং ওয়ার্ডে জীবন তরি সমাজ কল্যাণ সংস্থা-এর উদ্যোগে ইফতার মাহফিল শেষে ১০০ জন এতিম শিক্ষার্থীর মাঝে সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা । তিনি এতিম শিশুদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, “একজন এতিমের চোখের জল মুছে দিলে, আল্লাহ তোমার দুঃখ মুছে দেন। এতিমের দোয়া নিঃস্বার্থ; তাদের হৃদয়ের কান্না সোজা আকাশে পৌঁছে যায়।”
তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে এতিমদের পাশে দাঁড়ানো উচিত। এতে সমাজে মানবিকতা বৃদ্ধি পাবে এবং অসহায় শিশুরা পাবে নতুন আশার আলো।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


