ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় গ্রামীণ মাটির রাস্তা টেকইস করণের লক্ষ্যে তিনটি ইউনিয়নে চারটি প্রকল্পের আওতায় কাঁচা রাস্তায় এইচবিবিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায়, ২ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার কাঁচা রাস্তায় এইচবিবিকরণ করা হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে পরানপুর, গণেশপুর ও কুসুম্বা ইউনিয়নে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পরানপুর ইউনিয়নের জিওইল গ্রামের মমিনপাড়া থেকে রেজাউলের বাড়ি হয়ে বিলের দিক পর্যন্ত রাস্তা, গণেশপুর ইউনিয়নে ছাত্তারের বাড়ি থেকে আলিম হাজীর বাড়ি ও শ্রীরামপুর মালেক মুহুরীর বাড়ি থেকে ওয়াহেদের মোড় এবং কুসুম্বা ইউনিয়নের সেকেন্দারের বাড়ি থেকে আসমত মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে।
উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির একটি অংশ। এই সড়কগুলো উন্নত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত সুবিধা বাড়বে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাও উন্নয়নের আওতায় আনা হবে।’#




