ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে রোগাক্রান্ত গরুর পঁচা মাংস বিক্রির দায়ে মাংস বিক্রেতা নাজমুলের ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রায় ৭০ কেজি গরুর পঁচা মাংস জব্দ ও ধ্বংস করা হয়। মো. নাজমুল উপজেলার খোশালপুর গ্রামের আতোয়ারের ছেলে।
শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ এ জরিমানা আদায় করেন। সূত্র জানায়, উপজেলার এনায়েতপুর ইউপির হেলালপুর গ্রামে শনিবার বিকেলে একটি রোগাক্রান্ত গরু জবাই করে। কতিপয় অসৎ ব্যবসায়ী মাংসগুলো বিক্রির জন্য বস্তায় ভরে একটি পিকআপ গাড়িতে করে মহাদেবপুর নিয়ে আসার সময় স্থানীয়রা গাড়ীটি আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিকআপ গাড়িতে বস্তার ভেতরে রাখা প্রায় ৭০ কেজি মাংসসহ নাজমুলকে আটক করে থানায় নিয়ে আসে।
আসামী নাজমুলকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী নজমুলের ৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মাংসগুলো ধ্বংসের আদেশ দেন।
পরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর জব্দকৃত মাংসগুলোতে কেরোসিন ছিটিয়ে মাটির নিচে পুঁতে রাখে। মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#


