ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার (১৬জুন) রাতে দশটায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে এদিন বিকেলে উপজেলার নওহাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মান্দা উপজেলার দক্ষিণ মৈনম এলাকার সবের আলীর ছেলে মানিক (৩৮), চকভবানী এলাকার এরশাদ আলীর ছেলে আসিকুর রহমান (২৭) এবং সদর উপজেলার বক্তারপুর এলাকার আজিজুল হাসানের ছেলে রাশেদ আহমেদ পাপ্পু (৩০)। তবে তাদের কারো দলীয় কোন পদ পদবী জানা যায়নি। পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট দলের সদস্যরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওহাটা এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করে বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।



