ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী: নওগাঁর বদলগাছীতে বজ্্রপাতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) রাত ১টার দিকে রাজশাহী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আলাউদ্দিন উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, রোববার (২১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে আলাউদ্দিন বালুভরা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নাজিরপুর-সরস্বতী সেতুর মাঝামাঝি এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতে তার পিঠের একটি অংশ ঝলসে যায় এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আলাউদ্দিনের মৃত্যুর খবরে নাজিরপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় প্রবল বজ্রপাত ও বজ্রধ্বনি হচ্ছিল। অল্প সময়ের মধ্যে কয়েক দফা বজ্রপাতের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যান।
ঘটনার খবর পেয়ে বিলাসবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেট্র নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, বজ্রপাতে আহত এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুর রহমান বলেন, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পায়। বজ্রধ্বনি শোনা মাত্রই নিরাপদ পাকা ভবনে আশ্রয় নেওয়া, খোলা মাঠ, জলাশয় ও উঁচু গাছের নিচে অবস্থান না করা এবং ধাতব বস্তু থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ।



