ধূমকেতু প্রতিবেদক : পাখির প্রজাতি শনাক্তকরণ, স্বভাব ও আচরণ পর্যবেক্ষণ, আবাসস্থল সম্পর্কে ধারণা এবং পাখিবিষয়ক গবেষণার প্রাথমিক দক্ষতা অর্জনের লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বার্ড আইডেন্টিফিকেশন অ্যান্ড রিসার্চ ওয়ার্কশপ ২০২৬’।
শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ সকালে সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালাটি ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের চিফ ভেটেরিনারি অফিসার ডা. মো. হেমায়াতুল ইসলাম (আরিফ)।
সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির যুব ইউনিটের গবেষণাবিষয়ক সম্পাদক আকাশ মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির যুব ইউনিটের সভাপতি মো. জুলফিকার আলী হায়দার।
কর্মশালায় পাখির বিভিন্ন প্রজাতি শনাক্তকরণ, তাদের স্বভাব ও আচরণ পর্যবেক্ষণ, আবাসস্থল এবং বাস্তুতন্ত্রে পাখির ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি পাখিবিষয়ক গবেষণার প্রাথমিক বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পাখি পর্যবেক্ষণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে সচেতনতা এবং গবেষণার আগ্রহ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা মনে করেন, পাখি পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পাখির প্রজাতি ও জীবনাচরণ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের আবাসস্থল সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করা জরুরি।
‘পাখি চিনুন, প্রকৃতিকে জানুন, জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালাটি শনিবার (১৪ নভেম্বর) শেষ হবে।


