ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে সরকারি খাস রাস্তা দখলের অভিযোগে প্রশাসনের কাছে আবেদন করার জেরে আবেদনকারীদের হুমকী ও আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রায়হান কাওসার অভিযোগ করেন, প্রায় ১০ মাস আগে গ্রামের সরকারি ১ নম্বর খাসখতিয়ানভুক্ত রাস্তা অবৈধ দখলমুক্ত করতে তিনি ও স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরে ভূমি প্রশাসনের তদন্তে সরকারি রাস্তা দখলের বিষয়টি শনাক্ত করা হয় এবং সংশ্লিষ্টদের অবৈধ স্থাপনা ও বৃক্ষ অপসারণের নির্দেশ দেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা পাওয়ার পর থেকেই অভিযুক্তরা আবেদনকারীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন ভোরে দুর্বৃত্তরা তার বাড়ির অদূরে স্থাপিত আইনজীবী পরিচয়সংবলিত সাইনবোর্ড ভাঙচুর করে এবং সেখানে কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দিয়ে যায় বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, সরকারি রাস্তা দখলের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কিংবা তাদের সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
দুর্গাপুর থানায় ১৮ জুন ২০২৬ তারিখে জিডি নম্বর-১০১৬ হিসেবে অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ ২৮ জুন তদন্তকারী অফিসার এএসআই রাহিদুজ্জামান মুঠোফোনে যোগাযোগ করা হলে জিডির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আদালতের দুর্গাপুর থানার জিআরও সাথে মুঠোফোনে যোগাযোগ
চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, এ বিষয়ে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট উক্ত জিডি বিষয়ে এখনও কোন আদেশ প্রদান করেননি।


