ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালী অবস্থান কোনো বিবেচ্য বিষয় হবে না বলে মন্তব্য করেছেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
তিনি বলেন, “কোনো নেতা বা প্রভাবশালী ব্যক্তি মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলে তার পক্ষে কোনো ধরনের সুপারিশ করা হবে না। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার (৪ জুলাই) বদলগাছী উপজেলা অডিটোরিয়ামে বদলগাছী থানার আয়োজনে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।
সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এ সংকট মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহুল আমিন। তিনি বলেন, “মাদক ছাড়ো, না হয় বদলগাছী ছাড়ো।” তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
এ সময় বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বদলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি উপবতি রানী, সাংবাদিকদের পক্ষে এমদাদুল হক দুলু এবং গোবরচাঁপাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ।
সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, সাংবাদিক, সুধীজন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



