ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কে. এম. গোলাম মোস্তফা, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়াও এই কার্যক্রমকে আরও গতিশীল করতে ৫০ জন সমবায়ীর মাঝে মোট ৩০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে পল্লী উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।



