ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ“ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| এছাড়া একই দিন ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান এবং কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আত্রাই-এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু| অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীর, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা ¯স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ছাইফুল ইসলাম ও আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার ও আত্রাই থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের আওতায় ৩৬ জন উপকারভোগীকে আর্থিক সহায়তা,২৭ জনকে ৫৪ বান্ডিল ঢেউটিন বিতরণের পাশাপাশি প্রতি বান্ডিলের বিপরীতে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া উপজেলা কৃষি দপ্তরের অধিনে ধানের বীজ, সবজির বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সারসহ মোট ২ হাজার ৫০৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।


