ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ব্রুনো ফার্নান্দেজ। চমৎকার ভারসাম্যপূর্ণ দল এবং সতীর্থদের মধ্যকার চমৎকার বোঝাপড়া তার প্রত্যাশা অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল বলে স্বীকার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই অভিজ্ঞ মিডফিল্ডার। পাশাপাশি টুর্নামেন্টজুড়ে নিবেদন ও বিশ্বাসের জন্য সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে খেলতে এসে পর্তুগালকে আবারও শেষ ষোলো থেকেই বিদায় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো। স্পেনের বিপক্ষে গোলবন্যা দেখার প্রত্যাশা থাকলেও মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পেন। এই হাইভোল্টেজ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজের মতো তারকারাও মাঠে ছিলেন।
সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ব্রুনো লেখেন, ‘দুঃখিত, হতাশ এবং মোহভঙ্গ হয়েছে। খেলোয়াড়দের এই দলটির মান এবং গত কয়েক বছর ধরে আমরা যে অবিশ্বাস্য একতাবদ্ধ একটি দল তৈরি করেছি, তা আমার প্রত্যাশাকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল। বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন আমাদের পাশে থাকার এবং সাহায্য করার জন্য খেলোয়াড়, টেকনিক্যাল টিম এবং স্টাফদের ধন্যবাদ। আমাদের সমর্থন করা এবং বিশ্বাস রাখার জন্য সমস্ত পর্তুগিজদের অনেক বড় ধন্যবাদ।’
স্পেনের বিপক্ষে ম্যাচটিতে দুই দলের সামনেই গোল করার একাধিক সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে মেরিনোর জয়সূচক গোলটির আগে কেউ সুযোগ কাজে লাগাতে পারেনি। বিশেষ করে পর্তুগালের ব্রুনো ও ক্রিশ্চিয়ানো রোনালদো বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন। শেষ পর্যন্ত আরেক বদলি খেলোয়াড় ফেরান তোরেসের সাথে দারুণ বোঝাপড়ায় স্পেনের হয়ে কাঙ্ক্ষিত সেই ম্যাজিক দেখান মেরিনো।
ম্যাচের আগেই রোনালদো ঘোষণা দিয়েছিলেন যে এটিই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি, কারণ এখনো পেশাদার ফুটবলে ১ হাজার গোলের রেকর্ড ছোঁয়ার লক্ষ্য তাড়া করছেন এই মহাতারকা।



