ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে তিন দিন ব্যাপি এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চত্বরে গিয়ে শেষ হয়। পরে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা ।
আলোচনা সভায় প্রধান অতিথি ফজলে হুদা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য খাত। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, সরকারি খাস পুকুরগুলো প্রভাবশালীরা লিজ নিয়ে চাষ করায় হারিয়ে যাচ্ছে প্রকৃত মৎসজীবীরা। তাদের এই পেশা টিকিয়ে রাখতে আগামী বছর থেকে প্রকৃত মৎসজীবীদের হাতে সরকারি খাস পুকুরগুলো লিজ দেওয়া হবে। দেশীয় মাছ বাঁচাতে কারেন্ট জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জাতীয় এই মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ে মৎস্য চাষি ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা সৃষ্টি, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের অবদান তুলে ধরতে নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত এই জাতীয় মৎস্য পক্ষ পালন করবে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন,বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.রবিউল হাসান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও জনপ্রতিনিধি ও উপজেলার আটটি ইউনিয়নের মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে তিন জন সফল মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতনণ করেন প্রধান অতিথি।
শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।


