ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় নিয়মিত খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার শিক্ষার্থী ও স্থানীয় যুবকেরা।
সামান্য বৃষ্টিতে কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে এ মাঠটি। বছরের পর বছর এই সমস্যার কারণে অত্র এলাকার স্কুল কলেজ ও মাদ্রাসা সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় যুব সমাজ সময় মত খেলাধুলা করতে পারছেন না।
শনিবার (২২ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে পানি জমে মাঠের মধ্যে কাঁদার সৃষ্টি হয়েছে। একবার বৃষ্টি হলে সেই পানি বের হতে না পারায় অধিকাংশ সময়ে কাদা ও পানিতে একাকার হয়ে থাকে।
ফলে মাঠটি বছরের প্রায় অধিকাংশ সময় খেলাধুলার অনুপযোগী হয়ে থাকে। সত্যিকার অর্থে এই মাঠটি পাঙ্গাশী লায়লা-মিজান স্কুল এন্ড কলেজসহ পাশের হাটপাঙ্গাসী দাখিল মাদ্রাসা, পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দারুল আব্রার মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার যুবকদের প্রধান খেলাধুলার জায়গায় এটি।
কিন্তু বর্ষাকাল সময়ে বৃষ্টির কারণে প্রায় সময় বন্ধ থাকে খেলাধুলার পরিবেশ। ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন অত্র এলাকার সচেতন মহল।
এমতাবস্থায় উপজেলার পাঙ্গাশী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠটি সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।



