ধূমকেতু প্রতিবেদক : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের ধারা অব্যাহত রাখতে এবং রাজশাহী জাগো ফাউন্ডেশনের স্কুলের স্থায়ী ক্যাম্পাস ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য সরকারের খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আবেদনটি দ্রুত অনুমোদনের জন্য রেলমন্ত্রী এবং রেল সচিবের নিকট সরাসরি সুপারিশ প্রেরণের প্রতিশ্রুতি দেন তিনি।
আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় রাজশাহী নগরীর আসাম কলোনীতে জাগো ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্কুল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত এলাকার স্থানীয় শিশুদের শিক্ষার অধিকার সুসংগঠিত করতে এবং তাদের কর্মসংস্থানমূখী শিক্ষাকে টিকিয়ে রাখতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। এ লক্ষ্যে নতুন রাস্তার পাশে বা রেলওয়ের পাশে সুবিধাজনক খাস জমি বরাদ্দের জন্য আবেদন করার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, ইউসেফ স্কুলের মাধ্যমে বর্তমানে প্রায় ৫ হাজার সুবিধাবঞ্চিত শিশু ১১টি স্কুলে পড়াশোনা করছে, যার অধিকাংশেরই কার্যক্রম চলছে সিটি কর্পোরেশনের জায়গায়। ইতোপূর্বে মেয়র থাকাকালীন সময়ে এই স্কুলগুলোর জন্য ৩টি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করেছিলাম বলে জানান তিনি।
এসময় তিনি রাজশাহী জাগো ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্কুলের সুন্দর পরিবেশ দেখে মুগ্ধ হোন এবং সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ জানান, রাজশাহী জাগো ফাউন্ডেশন স্কুলে প্রায় ৭০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী প্লে থেকে দশম শ্রেণিতে পড়াশোনা করছে।
অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ, জাগো ফাউন্ডেশন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজনবৃন্দ।



