ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : সারাদেশের মতো দিনাজপুরের ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারওয়ার হোসেন, ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজিম, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার, পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক মুর্তুজা হক অস্টিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।



