ধূমকেতু নিউজ ডেস্ক : ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ শনিবার (১৯ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় এই নায়ক। জন্মদিনে তাকে স্মরণ করছেন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের মানুষজন। এদিন সালমান শাহকে নিয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন তার সহশিল্পী চিত্রনায়িকা শাবনূর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাবনূর সবার প্রতি অনুরোধ করেছেন, প্রয়াত এই নায়ককে নিয়ে যেন কেউ মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা অসম্মানজনক মন্তব্য না করেন। একই সঙ্গে সালমান শাহর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শাবনূর লিখেছেন, ‘সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’
সালমান শাহর সঙ্গে কাজের সময়কার স্মৃতিও তুলে ধরেছেন শাবনূর। নব্বইয়ের দশকের সেই সময়ের কথা মনে করে তিনি লিখেছেন, ‘কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালি দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ।’
সালমান শাহ সহশিল্পী থেকে শুরু করে শুটিং ইউনিটের কর্মীদেরও সমানভাবে সম্মান করতেন বলে জানান শাবনূর। তার ভাষায়, ‘তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী-কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে।’
সালমানের এই সহজ-সরল ও মানবিক গুণই তাকে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে বলে মনে করেন শাবনূর। তিনি লিখেছেন, ‘তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।’
প্রিয় সহশিল্পীর স্মৃতি এখনো শাবনূরের মনে জীবন্ত। পুরোনো কোনো গান কিংবা সালমান শাহ অভিনীত কোনো সিনেমার দৃশ্য দেখলেই তাকে ফিরে পাওয়ার অনুভূতি হয় বলে জানান তিনি।
বিজ্ঞাপন
শাবনূরের ভাষায়, ‘পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালি দিনগুলোতে।’
শেষে সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করে শাবনূর লিখেছেন, ‘মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।’
বিজ্ঞাপন
মাত্র চার বছরের অভিনয় ক্যারিয়ারে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান তিনি। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৫৫ বছর।
নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় এই নায়ক বড়পর্দার পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটকও দর্শকপ্রিয়তা পেয়েছিল। মৃত্যুর প্রায় তিন দশক পরও সালমান শাহকে ঘিরে দর্শকের আগ্রহে ভাটা পড়েনি। জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী ছাড়াও সারা বছরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় এই নায়ককে স্মরণ করেন ভক্ত-অনুরাগীরা।



