ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে প্রথম আলো কর্তৃক ২০২৬ সালের এস এস সি জিপিএ প্রাপ্ত
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রথম আলো ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুরুতে প্রথম আলো বন্ধু সভা সকল সদস্যদের কন্ঠ জাতীয় সংগীত উপস্থাপন করা হয়। এসময়ে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল গণি লিমন।
কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় ফারজানা আরেফিন বলেন, বাবা- মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সে বলে, আমাদের সফলতার পিছনে তারা যেমন পরিশ্রম করেন, তেমনি আমাদের উচিত পরিশ্রম করেই পরবর্তী সময়ে সফল হওয়ার চেষ্টা করা। এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রথম আলো,উপ সম্পাদক লাজ্জাত এনাব মহছি,রাজশাহী শিক্ষাবোর্ড, বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক শামীম হোসেন ,প্রথম আলো বন্ধুসভা, সিরাজগঞ্জের উপদেষ্টা মোঃ আইয়ুব আলী,রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সাজেদুল ইসলাম, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মোঃ জাহিদ হাসান দিপু, সাতবাড়িয়া ডিগ্রি কলেজ শাহজাদপুর অধ্যাপক শামীম হোসেন, প্রথম আলো বন্ধু সভা সিরাজগঞ্জের উপদেষ্টা প্রদীপ সাহা, প্রথম আলো বন্ধু সভা সিরাজগঞ্জের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট, প্রথম আলো বন্ধু সভা সিরাজগঞ্জের সভাপতি মোঃ আবুল কাসেম, সাধারণ সম্পাদক হাসান, সহ-সভাপতি রেজাই রাব্বী, সাবেক সভাপতি মোঃ নাঈম সেখ, দপ্তর সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম, — সহ প্রথম আলো বন্ধু সভার সকল সদস্য ও সদেস্যাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধু সভা সিরাজগঞ্জের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার।
প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। সত্যকে জানতে হবে, বাবা-মায়ের কথা শুনতে হবে। মুখস্থবিদ্যা, মিথ্যা ও মাদককে “না” বলতে হবে।’সংবর্ধনার ফাঁকে শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ ও গানের আয়োজন ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান কৃতী শিক্ষার্থী উপমা সাহা, বন্ধুসভার সদস্য ও ঢাকা থেকে আগত শিল্পী। তাঁদের গানে গলা মেলায় শিক্ষার্থীরা। নাচে-গানে উৎসবে পরিণত হয় অনুষ্ঠানস্থল। এ ছাড়া কুইজ প্রতিযোগিতা, প্রথম আলো এক্সপেরিয়েন্স জোন নানা আয়োজনে মেতেছিল শিক্ষার্থীরা। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
রায়গঞ্জ উপজেলার করুনাময় মাহাতো সংবর্ধনা নিতে এসেছিল। সে বলে, ‘এমন অনুষ্ঠানে এসে জীবন গড়ার নানা দিকনির্দেশনা পেয়েছি। গুণীজনদের অনেক পরামর্শ শুনেছি। এটা আগামী দিনের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রাজশাহী শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান বলেন, পাগলা হাওয়ার তোড়ে প্রদীপ নিভু নিভু করলেও, কারো জীবন যেন পাগলা হাওয়ার তোড়ে নিভু নিভু না করে। বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দৈনিক প্রথম আলোর সাথে নিজের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথম আলোর প্রথম সংখ্যাটি যেমন কিনেছি, আজকের সংখ্যাটিও কিনেছি। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর বজায় রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল বলেন, এসএসসিতে সেরা হয়ে থেমে গেলে চলবে না। সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। জীবন অনেক ছোট, জীবনের একটি মুহূর্তও যেন নষ্ট না হয় তার জন্য সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. জাহিদ হাসান দিপু প্রথম আলোর সাথে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম আলো পড়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ প্রথম ধাপ পার হয়ে এখানে এসেছ। এই সাফল্যের জন্য তোমাদের অভিনন্দন। জীবনের লক্ষ্য অর্জনে বড় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন ছোঁয়ার জন্য পরিশ্রম করতে হবে। সন্তানদের সাফল্য অর্জনে অভিভাবকদেরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।



