ধূমকেতু নিউজ ডেস্ক : গত কয়েকদিন ধরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দল জাতীয় কংগ্রেসের আন্দোলন চলছে। সেই আন্দোলনে যোগ দিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিল্লি গেলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
জানা গেছে, দিল্লিতে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে ইন্ডি জোটের বৈঠকে প্রতিনিধি হিসেবে যোগ দেবেন মমতা।
কলকাতা ছাড়ার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সাবেক এই মুখ্যমন্ত্রী। বলেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে ৫৪ লাখ নয়, ৯২ লাখ নাম বাদ গেছে। প্রতারণা করা হয়েছে দেশের মানুষের সঙ্গে।
‘ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, গুন্ডা নির্বাচন হয়েছে। পুলিশ দিয়ে ভোট করা হয়েছে। মানুষকে ভোট দিতে দেয়নি।’
দিল্লির আন্দোলন নিয়ে মমতা বলেন, ওরা বলেছে যে যেখানে পারবে সেখানে বসে যাবে। অত্যাচার করে কি গণতন্ত্রকে আটকানো যায়? যত অত্যাচার করবে, আওয়াজ তত বাড়বে। ওখানে যারা আন্দোলন করছে, সবাই ছাত্র ও যুবক। তাদের আওয়াজ বন্ধ করা যাবে না। আর আমরা তাদের এই আন্দোলনকে সমর্থন করি।
প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার বিষয়ে তিনি বলেন, ইন্ডি জোটের পক্ষ থেকে একটা সময় চাওয়া হয়েছে। সেখানে আমার নামও রয়েছে। তিনি যদি সময় দেন তাহলে ভালো। আর নাম থাকার পরও যদি আমি উপস্থিত না থাকি, সেটা খারাপ দেখায়। তাই আমি দিল্লি যাচ্ছি।



