ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল-আমীন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
প্রধান বক্তার বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি সবসময় এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করেছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আল-আমীন খান বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব। এ ছাড়া সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, খ. ম. রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ ও মোঃ রাশেদুল হাসান রঞ্জন বক্তব্য দেন।
এ সময় সাংবাদিক মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ তানভীর মাহমুদ পলাশ, সহদপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ এনামুল হক এবং সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া বরাতসহ বিভিন্ন উপজেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকার মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।



