ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামানসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় গতকাল সোমবার রাতে মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রোকনুজ্জামান (২৫) উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও মো. আবুল কালাম আজাদের ছেলে।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, উপজেলার চকগোড়া (সরদারপাড়া) গ্রামের মো. অবির উদ্দীন সরদারের ছেলে মো. পিয়ারুল ইসলাম মুসা (১৯), চকগোড়া (পূর্বপাড়া) গ্রামের মো. অবির উদ্দীন সরদারের ছেলে মো. সোহেল হোসেন (২১) এবং চকগোড়া (সরদারপাড়া) গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. মাহমুদ রায়হান (৩০)।
পুলিশ সূত্র জানায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, পূর্বের সন্ত্রাস বিরোধী মামলায় তাদের আটক দেখানো হয়েছে। আজ মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে। #



