ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী: নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে দিনটি উদযাপন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে চারমাথা এলাকার অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের পর সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। পরবর্তীতে ৬ নভেম্বর মধ্যরাতে কর্নেল আবু তাহের ও বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বে সংঘটিত পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্ত হন। দেশের সংকটময় মুহূর্তে সিপাহি ও জনগণের অনুরোধে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
প্রধান অতিথি আরও বলেন, বিগত শাসনামলে দলীয় নেতাকর্মীরা স্বাধীনভাবে এ দিবসটি পালন করতে পারেননি। বর্তমান সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যেকোনো গুপ্ত তৎপরতা সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অপরদিকে, দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



