ধূমকেতু নিউজ ডেস্ক : বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিশাল বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় কাজে যোগ না দিয়ে তারা এই বিক্ষোভ শুরু করেন। হাজার হাজার শ্রমিকের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
পুলিশ ও আন্দোলনরত শ্রমিকদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও শ্রমিকরা নিজ নিজ কারখানায় যান। তবে তারা নির্ধারিত কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরেই আন্দোলন শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভোগড়া, চৌরাস্তা ও তিন সড়ক এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে বিপুলসংখ্যক শ্রমিক একসঙ্গে রাস্তায় নেমে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের জেরে ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে আসায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জনদুর্ভোগ এড়াতে পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।



