ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : শীতের আগমনী বার্তায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দাম। উপজেলার বিভিন্ন বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে।
ফলে স্বস্তি ফিরেছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে।
গতকাল সোমবার উপজেলার চান্দাইকোনা, ধানগড়া, গ্রামপাঙ্গাসী বাজার, ও হাটপাঙ্গাসী বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে শীতকালীন সব ধরনের সবজির দাম তুলনামূলক খুবই কম।
বিশেষ করে কাঁচামরিচের দাম। বর্তমানে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। অথচ গত কয়েক সপ্তাহ আগেও বিক্রি করা হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায় কেজি। বাজারে পাইকারি সরবরাহ বাড়ায় ব্যবসায়ীদের মধ্যে বিক্রির প্রতিযোগিতাও বেড়েছে।
এছাড়াও আমদানি করা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে প্রতি কেজি মাত্র ৪০ টাকায়।
উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারে বাজার করতে আসা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হলে তারা বলেন, বাজারে পণ্যের দাম কম হওয়ায় ব্যাগ ভর্তি বাজার কিনে নিয়ে যাচ্ছি। কাঁচা বাজার করে মনে হচ্ছে এজন্য আগের দিন ফিরে পেলাম। আগেও এক সময় আমরা এভাবে ব্যাক বর্ত্তি বাজার করে নিয়ে যেতাম।
বাজারে পণ্যের দাম কমে আসায় সাধারণ মানুষের জন্য একটা ইতিবাচক। চলতি শীতের মৌসুমে বাজারে সবজির সরবরাহ আরো বাড়লে দাম আরোও কমবে বলে মনে করছেন উপজেলার নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষগুলো।


