ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) এর দ্বিতীয় দফায় ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ৬৯ জন ভোটারের প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে দুপুরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচনে সভাপতি পদে ৩৭টি ভোট পেয়ে বিজয়ী হন কালের কণ্ঠের রফিকুল ইসলাম। কমিটির সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত তানজিমুল হক, সহ-সভাপতি পদে তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ পদে পুননির্বাচিত সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য পদে আনিসুজ্জামান ও শরিফুল ইসলাম তোতা বিজয়ী হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, খেলাঘরের সভাপতি ডা. এফএমএ জাহিদ। কমিশনের অন্য দুই সদস্যরা হলেন, অ্যাডভোকেট আসলাম সরকার ও অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা। সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, আরইউজের সিনিয়র সদস্য জাবীদ অপু।


