ধূমকেতু প্রতিবেদক, রাবি : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। জাতীয় মুক্তিযুদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক এমন সিদ্ধান্তকে সরকার প্ররোচিত ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তারা।
শুক্রবার বিকেলে ফোরামের সভাপতি অধ্যাপক ড. হাবীবুর রহমান ও সাধারণ সম্পাদক ড. আওরঙ্গজীব আব্দুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা ও ক্ষোভ জানান তারা। বিবৃতিতে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবিও জানান তারা।
এছাড়াও, বিবৃতিতে স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে এবং বহুদলীয় গণতন্ত্র সূচনায় জিয়ার ভূমিকা উল্লেখ করেন তারা। বিবৃতিতে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল না করলে দেশের আপামর জনসাধারণ আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে উল্লেখ করেন শিক্ষকবৃন্দ।


