ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে বিশিষ্ট সমাজসেবক কোব্বাস আলীকে রাতের আধারে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আতাউর রহমান স্মৃতি পরিষদ। রোববার বিকেলে সংগঠনটির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা যুক্ত এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে খুনীদের এ শাস্তির দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কোব্বাস আলী বৃদ্ধ বয়সেও সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এসবের বিরুদ্ধে লড়তে তিনি আতাউর রহমান স্মৃতি পরিষদের সঙ্গে সম্পৃক্ত হন। মোহনপুরের মৌগাছি এলাকায় সততার সাথে খুবই সাধারণ জীবন যাপন করতেন। তাকে হত্যার ঘটনায় জড়িতেদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান সংগঠনটির নেতারা।
এদিকে কোব্বাস আলীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তাৎক্ষনিকভাবে রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সাথে কথা বলেছেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। হত্যকান্ডের ঘটনায় তিনি জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানালে শীঘ্রই অভিযান পরিচালনা করে খুনীদের আইনের আওতায় নেয়া হবে বলে পুলিশ সুপার তাকে আশ^স্ত করেন।
উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার খয়রা মাটিকাটা এলাকায় কোব্বাস আলীকে (৬০) ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় বাধা দিতে গেলে কোব্বাস আলীর দুই ছেলেও অস্ত্রের কোপে গুরুতর আহত হন। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


