ধূমকেতু প্রতিবেদক : রাজনৈতিক জবাবদিহিতা না থাকা ও প্রশাসনের উদাসীনতায় অপরিকল্পিত পুকুরখনন চলছে। এসব পুকুর খননে একদিকে কৃষি জমিতে জলাবদ্ধতা অন্যদিকে পুকুর খননে মাছের লাভের চেয়ে অনেক বেশী ক্ষতি হচ্ছে কৃষিজীবী ও পরিবেশের। আর গ্রামীণ রাস্তাগুলোতে দেখা দিচ্ছে বেহাল দশা। কয়েক মাস আগের নির্মিত কোটি কোটি টাকা ব্যয়ে রাস্তাগুলোও এখন মরন ফাঁদ।
স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন, জনপ্রতিনিধিদের মদদেই অপরিকল্পিত পুকুর খননের মহোৎসব চলছে বলে জানিয়েছেন সচেতনমহল, পরিবেশবাদি ও ভুক্তভোগিরা। এদিকে প্রতিশ্রæতি অনুযায়ী পানি নিস্কাশনের ক্যানেল না রাখায় পবা উপজেলার পারিলার কাঁঠালপাড়ায় কৃষিজীবিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
রাজশাহী জেলায় বাণিজ্যিক মাছের খামার বেড়েই চলেছে। জমি লীজ নিয়ে এসব খামরের নামে চলছে মাটি বিক্রি। আর এসব কাজের সাথে জড়িয়ে আছে বর্তমান সরকার দলীয় নেতৃবৃন্দ। প্রশাসনও নীরবে তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। ভুক্তভোগিরা জানান, আগে তাও পুকুরখননের দায়ে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও আটক করতো তাদের। কিন্তু টাকা দিলেই এবং নেতা হলেই সব মাফ। এছাড়াও সংশ্লিষ্ট থানা পুলিশও মসজিদ মাদ্রসার নামে চাঁদা আদায়ে নেমেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, পবা উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ে পারিলা ইউনিয়নের প্রায় শতকরা ৫০ ভাগ জমিই এখন হয় পুকুর, নয় ইটভাটার দখলে। এরপরেই সগৌরবে চলছে অপরিকল্পিত পুকুর খনন। কয়েক দিন আগেই ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামের মাঠে প্রায় ৫০ বিঘায় নতুন করে খনন হয়েছে পুকুর। আর এই পুকুরের মাটি বহন করেছে ড্রাম ট্রাকে। এতে ওই এলাকার গ্রামীণ রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়াও ফাটল ধরেছে কোটি কোটি টাকা ব্যয়ে সম্প্রতি নির্মিত খড়খড়ি বাইপাস থেকে রামচন্দ্রপুর হাট হয়ে দুর্গাপুর ও বাগমারা উপজেলার রাস্তায়। এই পুকুরটি খনন করেছেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আলহাজ্ব রফিকুল ইসলাম। কয়েকবছর থেকেই তিনি পুকুরখননের সাথে জড়িত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চাষি জানান, হাজি সাহেব পুকুরখননের আগে ওয়াদা করেছিলেন বিলের পানি নিস্কাশনে ক্যানেল দিবেন। কিন্তু পুকুরখনন হয়ে তিনি তা দেন নি। ফলে ভুক্তভোগিদের মাঝে উত্তেজনা বিরাজ করে। দুইদিন এলাকাবাসীর চাপাচাপিতে তিনি ক্যানেল না দিয়ে চুঙ দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করবেন বলে আবারো প্রতিশ্রæতি দিয়েছে।
এ ব্যাপারে উপাধ্যক্ষ আলহাজ্ব রফিকুল ইসলাম জানান, কয়েকবছর আগেই ওই এলাকায় পুকুরখনন হয়েছে। যারফলে এমনিতেই পানি জমে থাকায় চাষাবাদ হচ্ছিল না। ভ‚ক্তভোগিরা আমার কাছে পুকুরখননের জন্য চাপাচাপি করে। জমিতে আবাদ হলে পুকুর খনন করে মাছ চাষ করলে ক্ষতিতো দেখছি না। একদিকে জমির মালিকরা টাকা পাচ্ছেন অন্যদিকে মাছের চাহিদা মিটাতে পারছে।


