ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে সওজ’র পজিশন ক্রয়-বিক্রয়ের অভিযোগ উঠেছে। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা রুপম হোসেন দখল করে দোকান ঘর স্থাপন করে রণবাঘার জহির উদ্দিনের নিকট ভাড়া দেয়। সে রুপমকে দীর্ঘ দিন ধরে নিয়মিত ভাড়া দিয়ে আসছে। এমতাবস্থায় রুপম উক্ত জায়গা পজিশন হিসেবে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন কুমার কর্মকারের নিকট বিক্রয় করেছে বলে অভিযোগ উঠে। এ কারণে মিলন কুমার কর্মকার জহির উদ্দিনকে উক্ত জায়গা ছেড়ে দিতে চাপ সৃষ্টি করে।
এ বিষয়ে জহির উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, এই জায়গায় আমি অনেক দিন ধরে ব্যবসা করে আসছি। তাই আমি এই জায়গা ছেড়ে দিলে কোথায় ব্যবসা করবো ? আমি একজন গরীব মানুষ এখানে ব্যবসা করেই আমার পরিবার চালাই। আমি রুপমকে নিয়মিত ভাড়া দিয়ে ব্যবসা করে আসছি। সে অন্যজনের কাছে পজিশন বিক্রি করায় আমাকে পজিশন ছেড়ে দেয়ার চাপ সৃষ্টি করা হচ্ছে।
রুপমের সাথে কথা বললে তিনি বলেন, জহির উদ্দিনকে আমি দোকান ঘর ভাড়া দিয়েছি। সে এখন উক্ত পজিশন নিজের দাবি করে পিছনের অংশ অন্যের কাছে বিক্রয় করার চেষ্টা চালায়। তখন আমি রণবাঘা বাজার বণিক সমিতির সভাপতি মিলন কুমার কর্মকারের সহযোগিতা চেয়েছি। সে আমাকে সহযোগিতা করছে। তার কাছে আমি পজিশন বিক্রি করিনি।
এ বিষয়ে মিলন কুমার কর্মকারের সাথে কথা বললে তিনি বলেন, রুপম জহির উদ্দিনকে দোকান ঘর ভাড়া দিয়েছিলো। জহির উদ্দিন উক্ত জায়গা নিজের পজিশন হিসেবে দাবি করছে। আমি এই পজিশন ক্রয় করিনি। রুপম আমার সহযোগিতা চাইলে তার পজিশন ঠিক রাখতে সহযোগিতা করেছি মাত্র।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদের সাথে কথা বললে তিনি বলেন, ছাত্রলীগের নাম ভেঙ্গে যদি কেউ কিছু করে তাহলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই।
এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা বা পজিশন কেউ ক্রয়-বিক্রয় করতে পারে না। কেউ বিক্রয় করলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


