ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া নতুন আতঙ্কের নাম করোনা ভাইরাস। বর্তমানে এটি পৃথিবীর প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে। বায়ু জনিত এই করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় সোমবার থেকে এক সপ্তাহের জন্য আবারও লকডাউন ঘোষণা করেছেন সরকার। তবে বাঘায় এ সিদ্ধান্ত মানছে না কেউই।
সূত্রে জানা গেছে, করোনা সংক্রমন প্রতিরোধে রোববার বাঘা উপজেলা প্রশাসনের পক্ষে লকডাউন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। কিন্তু এ সভার সিদ্ধান্ত জনগণ ঠিকমত মানছে না। উপরোন্ত লকডাউনে মানা হচ্ছে না কোন স্বাস্থ্য বিধি, বরং বাজার এলাকায় বাড়ছে জনসমাগম। চলছে ছোট-খাট সকল ধরণের যানবাহন।
সরেজমিন লক্ষ করা গেছে, লকডাউনের প্রথম দিন সোমবার বাঘা উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা পুলিশ প্রশাসন নিয়ে উপজেলার বাঘা, আড়ানী, তেথুলিয়া ও বাউসা বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে হ্যান্ড মাইকে ঔষধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কাঁচা বাজার ব্যাতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন। অন্যথায় পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষনা প্রদান করেন তিনি।
তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত নির্বাহী কর্মকর্তাকে মাঠে পাওয়া যায়নি। এক পলক চোখে পড়েছে বাঘা থানা পুলিশ পিকাপে করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক মাইকিং। এদিক থেকে উপজেলা আওয়ামী লীগের পক্ষে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় মাস্ক বিতরণ করেছেন সরকার দলীয় সহযোগী সংগঠনের কয়েকজন কর্মী।
বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন বলেন, করোনা সংকট নতুনভাবে বিকট আকার ধারণ করায় সরকার নতুন করে লকডাউন ঘোষণা করেছেন। তবে জনগণ অভাব অনটনের কথা চিন্তা করে এ লকডাউন মানতে রাজি হচ্ছেন না। কারণ দীর্ঘসময় করোনা চলমান থাকায় ইতোমধ্যে মানুষের মনোবলও বেড়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, মঙ্গবার দুপুর পর্যন্ত আমি মাঠে নামতে পারিনি। অফিসিয়াল নানা কাজে ব্যস্ত ছিলাম। তবে আমার টিমসহ পুলিশ প্রশাসন কাজ করছে।


