ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৮ গ্রুপের কাজের মধ্যে ১৯নং ওয়ার্ডে একটি গ্রুপের কাজের ড্রেনের ঢালাই কাজ শুরু হয়েছে। গত ২৮ এপ্রিল ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রাম প্রফেসরপাড়া এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রোববার ছোটবনগ্রাম প্রফেসরপাড়া এলাকায় ড্রেনের ঢালাই কাজের উদ্বোধন করেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
কাউন্সিলর সুমন বলেন, ১৯নং ওয়ার্ডবাসীর জন্য মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন মহোদয় সর্বোচ্চ অর্থ বরাদ্দ দিয়েছেন। এ জন্য মেয়র মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ১৯নং ওয়ার্ডে এ প্রকল্পের আওতায় ৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৮৮টি রাস্তা (কার্পেটিং ও সিসি রোড) ও ড্রেন নির্মাণ করা হবে। এর মধ্যে ১২ রাস্তা মোড় হাসান মন্ডলের বাড়ী হতে ছোটবনগ্রাম ব্যাংক টাউন ব্রিজ পর্যন্ত ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। রেডি মিক্সাচার কনক্রিট মেশিন দ্বারা ছোটবনগ্রাম প্রফেসর পাড়ায় ড্রেনের ঢালাই কাজ হলো।
এসময় উপস্থিত ছিলেন, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল হোসেন পপি, সহকারী প্রকৌশলী মেরিল, আব্দুল মতিন প্রমুখ।


