ধূমকেতু প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় প্রথম দফায় মানুষের চলাচল ও কার্যক্রমে বিধি-নিষেধাজ্ঞা আরোপের পর আজ বুধবার থেকে আটদিনের জন্য ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই লকডাউনে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস এবং গণপরিবহন বন্ধ থাকবে। সরকারি ঘোষণা অনুযায়ী রাজশাহীতেও চলছে কঠোর লকডাউন। কঠোর লকডাউনে রাজশাহী ফাকা হয়ে পড়ে। বন্ধ রয়েছে শহরের সব মার্কেট। শহরে এখন সুনসান নীরবতা। এবার রাস্তায় তেমন যানবাহন ও ছোট রিক্সা না অটোরিকশা ও দেখা যায়নি। রিকশা গুলোর হাওয়া ছেড়ে দেয়া হয়।
নগরীর গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে তেমন লোক দেখা যায়নি। এবার সিএনজি লেগুনা বা অন্য কোনো যানবাহন চলতে দেখা যায়নি। নগরীতে ওষুধসহ নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সবধরনের দোকানপাট বন্ধ রয়েছে। রাজশাহীতে সকাল থেকেই মাঠে রয়েছে পুলিশ ও প্রশাসনের সদস্যরা। রাজশাহীতে মোড়ে মোড়ে পুলিশের টিম টহল দিচ্ছে। গুরত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসিয়ে বাহিরে আসা মানুষদের তল্লাশী চালাচ্ছে তারা। এছাড়া রাস্তায় রাস্তায় চলাচলরত যানবাহনগুলো থামিয়ে তল্লাশী করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটা, হাসপাতালগামী কিছু মানুষ ও প্রয়োজনীয় কাজে বের হয়েছেন।
আজ সকালে মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর, শিরোইল বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, নিউমার্কেট, সাহেববাজার জিরোপয়েন্টসহ কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তাঘাট একেবারেই ফাঁকা। ওষুধ এবং মুদি দোকান ছাড়া সব ধরনের দোকানপাটও বন্ধ দেখা গেছে।
মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, মূল শহরের প্রবেশপথে চারটি বড় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া ২৫টি টহল পুলিশ টহল দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে। এক্ষেত্রে বাইরে আসা জনসাধারণ সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে তাদের জরিমানা করা হচ্ছে। বিশেষ করে সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের জরিমানা করা হচ্ছে।
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছে সেভাবেই লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। এ অবস্থায় কেউ অহেতুক বাইরে ঘোরাঘুরি করলে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের শাস্তির মুখেও পড়তে হতে পারে। তাই জরুরি প্রয়োজন ছাড়া তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।


