ধূমকেতু প্রতিবেদক : কয়েকদিন ধরে রাজশাহী ছিলো প্রচন্ড তাপদাহ। তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিলো মানুষসহ প্রাণীকূল। চাতক পাখির মতো চেয়ে ছিলো এক পশলা বৃষ্টির জন্য। তীব্র তাপদাহের পরে অবশেষে রাজশাহী মহানগরী ও আশেপাশের উপজেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী মহানগর জুড়ে হালকা বৃষ্টি ও বাতাস শুরু হয়। হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি নেমে আসে নগর নগর জনজীবনে। এপ্রিল মাসের শুরু থেকেই মহানগর ও আশেপাশের উপজেলায় পড়েছিলো তীব্র তাপদাহ। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। নগরের বাইরের উপজেলাগুলোতে বিদ্যুতের ভেলকিবাজিতে আরও অতিষ্ঠ হয়ে পড়েছিলো মানুষ।
বুধবার বিকেল থেকে মহানগর ও উপজেলার আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথেই মেঘ ভারি হয়। বিকেলে শুরু হয় বৃষ্টি ও হালকা বাতাস। তবে, রাজশাহীর বিভিন্ন উপজেলায় ইফতারের পর থেকে বৃষ্টি শুরু হয়। যদিও বিকেল থেকেই ঘন কালো মেঘে ঢাকা ছিল আকাশ।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র জানান, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বৃষ্টি থামে। এই সময়ের মধ্যে তাঁরা ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন।
এর আগে গত ১২ এপ্রিল রাজশাহীতে ৭ দশমিক ৪ মিলিমিটার এবং ৯ এপ্রিল ২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আজ বুধবার দুপুরের পর থেকেই রাজশাহীর আকাশ মেঘে মেঘে ঢাকা ছিল। সন্ধ্যায় নামে স্বস্তির বৃষ্টি।
বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বোচ্চ ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই এবারের মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার ভোরে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ দেবল কুমার মৈত্র বলেন, গরম প্রকৃতির মধ্যে বুধবারের এই বৃষ্টি জনমনে স্বস্তি এনে দিয়েছে। তবে আপাতত আর বৃষ্টির তেমন সম্ভবনা নেই।


