ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় করোনা সংকটকে কেন্দ্র করে লকডাউনে অর্থ সংগ্রহ করতে না পারায় দেড় বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না গড়গড়ি ইউনিয়নের সুলতান গ্রামের কৃষক হাফিজুর রহমান। ফলে তার ধান ক্ষেতেই নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। খবর পেয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের পক্ষে জেলা ছাত্রলীগ নেতা শাকিবুল ইসলাম রানা কয়েকজন ছাত্রলীগ কর্মীকে সাথে নিয়ে ছুটে যান ধান কাটতে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয় লোকজন জানান, রাজশাহী জেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার ১২ জন ছাত্রলীগকর্মী রোববার সকালে থেকে কৃষক হাফিজুর রহমানের দেড় বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেন। ছাত্রলীগ নেতা-কর্মীদের এ ধরণের উদ্যোগ দেখে স্বাগত জানান এলাকার লোকজন। তাঁরা প্রশংসীত করেন ছাত্রলীগকে।
কৃষক হাফিজুর রহমান জানান, লকডাউনের মধ্যে ধান কাটার উপযুক্ত সময় হওয়া সত্বেও অর্থ এবং শ্রমিক সংকটের কারণে পাকাধান কাটতে পারছিলাম না। এছাড়া এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি খুব বেশি। ফলে ক্ষেতে ধান পাকার পরও তা কাটতে না পারায় কিছুটা ক্ষতির শস্কায় ছিলাম। আমার এমন অসহায়ত্বেও কথা শুনে ছাত্রলীগ নেতা শাকিবুল ইসলাম রানা ভাই আরো নেতাকর্মী সঙ্গে নিয়ে এসে টাকা-পয়সা ছাড়াই আমার দেড় বিঘা ক্ষেতের ধান কেটে দেন। আমি তাদের এ সাহায্যর কথা কখনো ভুলব না।
ছাত্রলীগ নেতা শাকিবুল ইসলাম রানা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আমাদের প্রিয় নেতা বাঘা-চারঘাট আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অনুপ্রেরণায় অসহায় ও দরিদ্র কৃষকদের ধান কেটে দেয়ার সিদ্ধান্ত নেই। কৃষক হাফিজুর রহমানের দেড় বিঘা জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েন। তার অসহায়ত্বের কথা শুনে ছাত্রলীগের জেলা এবং উপজেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ ধান কেটে দিয়েছি। এ সংকট কালে প্রয়োজনে খবর পেলে এমন আরো অসহায়দের ধান কেটে দেবো।


