ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সহিংসতা এড়াতে ও জনস্বার্থে কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে করণীয় বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসল্লীদের জীবন ঝুঁকি বিবেচনা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বছর পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করার নির্দেশ দিয়েছে। এছাড়া মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা, মুসল্লীদের মাস্ক পরিধান, কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি অনুসরণ, জামায়াত শেষে কোলাকুলি ও হাত মেলানো পরিহার ইত্যাদি বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় উল্লিখিত সরকারি নির্দেশনাসমূহ প্রতিপালনসহ ঈদ-উল-ফিতরের পূর্বের দিন থেকে পরের দিন পর্যন্ত মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রি বা ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য বহন ও জায়নামাজ ছাড়া কোন ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোন দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মহানগর মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (ক), ২৯ (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।


