ধূমকেতু প্রতিবেদক : ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার বিভাগের বগুড়া, নওগাঁ ও পাবনায় একজন করে এই তিনজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫২০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ৩০৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২২ জন, নওগাঁয় ৩৭ জন, নাটোরে ২০ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিভাগে নতুন ১২৭ জন রোগী শনাক্ত হয়েছেন।
এ দিন বিভাগের ১৩৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৩৩০ জন। এদের মধ্যে ৩০ হাজার ৪৭৬ জন সুস্থ হয়েছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৭৪৫ জন কোভিড-১৯ রোগী।


