ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত ৭দিনের লকডাউনের আজ বুধবার ২য় দিন। এদিকে গত ২৪ঘন্টায় আরও ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। ২১২ জনের নমুনা পরীক্ষায় ১৩১জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে বলে স্বাস্থ্যবিভাগ জানিয়েছে। লকডাউনে আজও দূরপাল্লার কোন বাস বা কোন ট্রেন ছেড়ে যায়নি। আভ্যন্তরিন রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। তবে পন্যবাহি ট্রাক যানবাহন চলাচল করছে।
স্বাস্থ্যবিধি মেনে সোনামসজিদ’স্থলবন্দরের কার্যক্রম অব্যাহত রয়েছে। শহরে ওষুধ, মুদিখানা দোকান ছাড়া বিভিন্ন বিপনিবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। তবে সকালে জেলার অন্যজায়গা থেকে মানুষজন পায়ে হেটে চাঁপাইনবাবগঞ্জে আসলে ভোগান্তিতে পড়ে।
এদিকে, লকডাউন কঠোরভাবে কার্যকরে সকাল থেকে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ও পুলিশ ১২টি মোবাইল টিম মাঠে তৎপরতা চালাচ্ছে । এছাড়া শহরের ২৭টি স্থানে পুলিশ চেকপোষ্ট বসানো হয়েছে।
মঙ্গলবার লকডাউনের প্রথমদিন স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করার দায়ে ১২টি ভ্রাম্যমান আদালত ১১২জনকে ৮৮হাজার ৮’শ টাকা জারিমানা করেছে। প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জে দিন দিন করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা জুড়ে মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।


