ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কিশোর গ্যাং এর ৩ সদস্যকে আটক করে মোটিভেশনের পর তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত শুক্রবার ২৮ মে রাত সাড়ে ৮ টার দিকে আরএমপি বোয়ালিয়া মডেল থানার এসআই গোলাম মোস্তাফা তার টিম নিয়ে বাস টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই নাসির হোসেনের সহায়তায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ১ সদস্যকে আটক করে। এসময় তার কাছে একটি স্টিলের তৈরি হ্যান্ডগ্ল্যাভস পাওয়া যায়।
আটককৃত কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, হ্যান্ডগ্ল্যাভসটি সে নিউমার্কেট হতে ক্রয় করেছে। জিজ্ঞাসাবাদে আরো জানায়, সে Pool B.B (ব্রাদার্স ব্রিলিয়ার্ড) খেলে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ২৯ মে দিবাগত রাত ২ টার দিকে রাজশাহীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা থেকে কিশোর গ্যাং এর আরো ২ সদস্যকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আটককৃতদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে আইনগত কোন ব্যবস্থা না নিয়ে তাদের অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের বিষয়ে কথা বলেন এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করে তাদের জিম্মায় প্রদান করেন।
পুলিশ আরও জানায়, পুলিশ কমিশনারের নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ জিম্মায় প্রদান করা কিশোরদের সার্বক্ষনিক গতিবিধি লক্ষ্য রাখবে।


