ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা চত্বরে ফুলগাছ খাওয়ায় ছাগলকে দুই হাজার টাকা জরিমানা করে আলোচনায় আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনকে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বদলির আদেশ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার পাঠানো হয়েছে।
বগুড়ার জেলা প্রশসাক জিয়াউল হক মোবাইলে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলগাছ খাওয়ার অভিযোগে গত ১৭ মে ইউএনও একটি ছাগলের ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা করার ৯ দিন পর মালিক সাহারা বেগমকে না জানিয়ে সেটি বিক্রি করার অভিযোগ ওঠে। এই বিষয়টি গণমাধ্যমে আলোচনায় আসলে গত ২৭ মে জরিমানার টাকা (ইউএনও) নিজে ফেরত দিয়ে ছাগল সাহারা বেগমের কাছে ফিরিয়ে দেন।
এরপর ইউএনও বলেছিলেন, ‘উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই নারীকে ছাগল ফেরত দেয়া হয়েছে। জরিমানার টাকা আমি দিয়েছি। তাকে সংশোধনের জন্য জরিমানা করেছিলাম, শাস্তি দেয়ার জন্য নয়।’
আর সেই নারী ছাগল বিক্রি করে দেয়ার যে অভিযোগ করেছেন, সেটি সত্য নয় বলে দাবি করেন ইউএনও। বলেন, ছাগলটি একজনের জিম্মায় দেয়া হয়েছিল। এ ঘটনার দেশজুড়ে তোলপার হওয়ার পর তার বদলির আদেশ বগুড়ায় এসে পৌঁছেছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনের সঙ্গে যোগাযোগ করতে মুঠোফোনে একাধিকবার চেষ্টার করেও তাঁকে পাওয়া যায়নি।


