ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এতে করে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পরছে। এদিকে জনবহুল এলাকায় স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রচার অভিযান চালাচ্ছেন পুলিশ-প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আব্দুর মতিন বলেন, গত ২৪ ঘন্টায় উপজেলায় ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মোট ২৬৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৬৫ জন। চিকিৎসাধিন আছেন ৯৫ জন ও আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।
তিনি বলেন, করোনা আক্রান্ত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আর আক্রান্তদের বাড়িতেই আইশোলেসনে রাখা হচ্ছে। তবে রোগির অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হব। এদিকে আক্রান্তদের তদারকিতে চিকিৎসকদের এক টিম সার্বক্ষনিক কাজ করছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, করোনার সংক্রমন ঠেকাতে প্রতিনিয়ত পুলিশ-প্রশাসন মাঠে কাজ করছেন। জনবহুল এলাকায় প্রচারনা করা হচ্ছে। সেই সাথে স্বাস্থ্য বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


