ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সাগড়পাড়া এলাকায় বুধবার ড্রেন নির্মাণের সময় প্রাচীর ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক দুখু বিশ্বাস (৫৫)।
তিনি দামকুড়া হাট ফরিয়া কান্দি এলাকার বদি নাথের ছেলে। পরে নিহত ও আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্রবর্মন জানান, নিহত দুখুকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় মেনুয়াল হাসদা (৫৫) আহত হয়েছেন। তাকে আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এখনও কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


