ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চুরি যাওয়া অটোরিক্সাসহ রিফাত শেখ শিহাব (২০) নামের এক চোরকে গ্রেপ্তার করছে রাজশাহী মতিহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শিহাব রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি খড়বনা এলাকার রফিক শেখের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ জুন বেলা ০৩.০৫ টায় রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে শামীম তার ভাড়ায় চালিত অটোরিক্সায় অজ্ঞাতনামা ০৩ জনকে উঠিয়ে তালাইমারি মোড় হতে নতুন বুধপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের দক্ষিণে সফেদা বাগানের সামনে চালক শামীম প্রকৃতির ডাকে অটোরিক্সা থামিয়ে তালা বন্ধ করে চাবি সাথে নিয়ে সফেদা বাগানের ভিতরে যায়। সেখান থেকে এসে দেখে তার অটোরিক্সাটি যাত্রীবেশে থাকা অজ্ঞাতনামা ০৩ (তিন) জন চোর তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মতিহার থানায় চুরির একটি নিয়মিত মামলা রুজু হয়।
মতিহার থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানায়, মামলা তদন্তকারী অফিসার এসআই শাহাবুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে ২৯ জুন ভোররাতে চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকার চারুকারু কলা বিভাগের সামনে চুরি যাওয়া অটোরিক্সাসহ শিহাবকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


