ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী তানোরের ৭টি ইউনিয়নের (ইউপি) কর্মহীন দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর দেয়া এসব উপহার খাদ্যসামগ্রী স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী উপজেলা পরিষদ চত্ত্বরে শারীরিক দূরুত্ব বজায় রেখে উপকারভোগীদের মধ্যে বিতরণ করেন। এদিন এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
প্রধান অতিথি বলেন, এই বৈশ্বিক করোনা মহামারী মোকাবেলায় আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, আইনশৃঋলা রক্ষা বাহিনীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। এটা কারো একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়।
তিনি বলেন, যারা প্রকৃত কর্মহীন দরিদ্র শুধুমাত্র তারাই যেনো সরকারের দেয়া এসব সহায়তা গ্রহণ করেন। তিনি পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহ্বান জানান। এছাড়াও সকলকে সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।
জানা যায়, ১ জুলাই বৃহস্প্রতিবার থেকে সারাদেশে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ বা কঠোর ‘লকডাউন’। সপ্তাহব্যাপী এই কঠোর বিধিনিষেধ চলাকালে অকারণে বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। এসময় বন্ধ হয়ে থাকবে কর্মহীন গরীব, অসহায়, দিনমজুর, রিকশা ও ইজিবাইকসহ বিভিন্ন পেশার স্বল্প আয়ের মানুষের আয়। এমন পরিস্থিতিতে কেউ যাতে খাদ্য সংকটে না থাকেন সেজন্য কর্মহীন গরীব, অসহায়, ছিন্নমূল, দিনমজুর পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
এদিকে বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতাসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।


